কাদিয়ানী : তাহযীরুন্নাস গ্রন্থে তো লিখা আছে, খাতামুন নাবিয়্যীনের পরেও নবী আসা সম্ভব।
কাশ্মীরী : তাহযীরুন্নাস যার কিতাব তিনি মুনাযারায়ে আজীবাহ এবং ‘আবে হায়াত’ এ দুটি কিতাবেরও লিখক। লিখক মূলত কিতাবটি ‘খতমে নবুওয়ত’ সাব্যস্ত করতেই লিখেছেন। তাহলে এমন একটি কিতাব থেকে ‘খাতামুন নাবিয়্যীন’ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও প্রকৃতপক্ষেই নবী আসা সম্ভব—এমন দাবী কী করে সঠিক হতে পারে? লিখক বরং খাতামিয়তের যতগুলো পর্যায় রয়েছে—যুগ, স্থান এবং মর্যাদা; সব দিক থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত ও স্বাধীন সর্বশেষ নবী হওয়াকে প্রমাণ করেছেন। লিখক বিষয়টিকে আরও সুস্পষ্ট করতে “বিল ফারাজ” বা যদি ধরেও নিই যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যদি কোন নবীর আগমন ঘটে তবু্ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘খাতাম হওয়া’ (‘খাতামিয়তে মুরতাবি’) বলবৎ থাকবে। অর্থাৎ তখনও তিনিই “মর্যাদার শীর্ষ মার্গে” অধিষ্ঠিত থাকবেন, মর্যাদার সেই সীমায় কেউ পৌঁছতে পারবেনা। এটাকে খাতামিয়তে মুরতাবি বলে। এখন লিখকের এ কথা থেকে “নবী আসা সম্ভব” এমন কোনো দাবী বাস্তবসম্মত হয় কিভাবে? অধিকন্তু একই লিখক তার অপরাপর গ্রন্থ দুটিতে খতমে নবুওয়ত এর আকীদাকে দ্বিপ্রহরের সূর্যের মতোই পরিষ্কার করে দিয়ে গেছেন। তিনি পরিষ্কার করে এমন কথাও লিখে গেছেন যে, “খতমে নবুওয়তে যামানীর অস্বীকারকারী কাফের”। দেখুন, তাহযীরুন নাস। একই কিতাবটিতে লিখক আরও বলেছেন, “খাতাম শব্দের প্রয়োগ এ কথারই দাবী রাখে যে, সমস্ত নবীর নবুওয়তের ধারাক্রম তাঁর (মুহাম্মদ সা.) পর্যন্ত গিয়েই সমাপ্ত হয়ে গেছে।” দেখুন, তাহযীরুন নাস, উর্দূ এডিশন পৃষ্ঠা ৩৭, হুজ্জাতুল ইসলাম একাডেমি ওয়াক্বফে দারুলউলুম দেওবন্দ, সাহারানপুর হতে প্রকাশিত)। উক্ত লিখক, তার ‘মুনাযারায়ে আজীবাহ’ গ্রন্থের ১০৩ নং পৃষ্ঠায় লিখেছেন, “আমার দ্বীন ও ঈমান এই যে, রাসূল (সা.) এর পরে অন্য কারো নবী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে এতে কোনো প্রকারের তাবীল বা ব্যাখ্যা করবে তাকে কাফের মনে করি।”
কাদিয়ানী : ইমাম মালেক হযরত ঈসাকে ‘মৃত’ বলে বিশ্বাস করতেন।
কাশ্মীরী : ইমাম মালেক সম্পর্কে এ ধরনের কোনো কথা প্রমাণিত নয়। বরং সহীহ মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থ ইমাম আবূ আব্দিল্লাহ আল মালেকি রচিত ‘আল ইকমাল’ গ্রন্থের ১ম খন্ডের ২২৬ নং পৃষ্ঠায় ইমাম মালেক (রহ.) এর একটি বক্তব্য উল্লেখ রয়েছে, যেখানে তিনি ঈসা (আ.) এর অবতরণ সম্পর্কে বলেছেন, بَيْنَمَا النَّاسُ بِبَلَدٍ إِذْ يَسْمَعُونَ الْإِقَامَةَ، يُرِيدُونَ الصَّلَاةَ، فَتَغْشَاهُمْ غَمَامَةٌ، فَإِذَا عِيسَى ابْنُ مَرْيَمَ قَدْ نَزَلَ অর্থাৎ “একসময় লোকেরা কোনো এক স্থানে অবস্থান করবে। তারা নামাজের ইকামত শুনতে পাবে এবং নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এমন সময় তাদের ওপর একটি মেঘমালা ছেয়ে যাবে। অতঃপর হঠাৎ দেখা যাবে, মারইয়ামের পুত্র ঈসা (আ.) অবতরণ করেছেন।” সুতরাং ইমাম মালেক (রহ.) এর নামে যে কথাটি প্রচার করা হয় সেটি ইমাম তাহের পাটনী নিজ মাজমাউল বিহার গ্রন্থে এভাবে উল্লেখ করেছেন যে, وَقَالَ مَالِكٌ: مَاتَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَثَلَاثِينَ سَنَةً. وَلَعَلَّهُ أَرَادَ رَفْعَهُ إِلَى السَّمَاءِ، أَوْ حَقِيقَتَهُ وَيَحْيَى آخِرَ الزَّمَانِ لِتَوَاتُرِ خَبَرِ النُّزُولِ অর্থাৎ “মালেক বলেছেন, তিনি (ঈসা) ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সম্ভবত ইমাম মালেক এর দ্বারা তাঁকে আসমানে উঠিয়ে নেওয়াকে উদ্দেশ্য করেছেন। অথবা তিনি প্রকৃত অর্থেই মৃত্যুবরণ করেছেন এবং শেষ জামানায় পুনরায় জীবিত হবেন। কেননা তাঁর অবতরণ-সংক্রান্ত সংবাদ মুতাওয়াতির।” অতএব, এই উদ্ধৃতিগুলো একত্রে পড়তে হবে; পরবর্তী আলেমদের ব্যাখ্যাকে ইমাম মালেকের সরাসরি বক্তব্য হিসেবে উদ্ধৃত করা যাবে না। অন্যথা যে কেউই বিভ্রান্ত হবে, যেমনটি আপনি হয়েছেন।
কাদিয়ানী : বেরলভী আলেমরা উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কুফরির ফতুয়া দিয়ে থাকেন, তেমনি উলামায়ে দেওবন্দও তাদের বিরুদ্ধে দিয়ে থাকেন। তাহলে সর্বশেষে মুসলমান থাকলো কোথায়?
কাশ্মীরী : আমি সকল উলামায়ে দেওবন্দের পক্ষ হতে এ কথার ঘোষণা দিচ্ছি যে, উলামায়ে দেওবন্দ বেরলভী আলেমদের বিরুদ্ধে কুফরির ফতুয়া দেননা। আমরা পরিষ্কার বলতে চাই, কাদিয়ানীদের সাথে অকাদিয়ানী মুসলমানদের পার্থক্য কোনো শাখাগত বিষয়ে নয়, বরং মৌলিক বিষয়গত। পক্ষান্তরে আহলুস সুন্নাহ’র উলামায়ে দেওবন্দ আর উলামায়ে বেরলভী এ দুটির মাঝে নীতিগত কিছু বিষয়ে পার্থক্য থাকলেও মৌলিকগত কোনো পার্থক্য নেই। তাই হানাফি ফকীহগণ সুস্পষ্ট বলেছেন, কোনো মুসলমান যদি কোনো সন্দেহের বশীভূত হয়ে কোনো কুফরি কথা বলেও ফেলে, তবু তাকে কাফের বলা যাবেনা। হানাফী মাযহাবের নির্ভরযোগ্য ফতুয়ার কিতাব ‘রদ্দুল মুহতার’, ‘আল বাহরুর রায়েক’সহ অন্যান্য কিতাবগুলো খুলে দেখুন।
কাদিয়ানী : বুখারী শরীফে উল্লেখ আছে, بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ অর্থাৎ ইসলামের ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপর। কিন্তু আপনারা কুফরির আরও যে সমস্ত দফা বা মূলনীতির কথা বলেন তা তো এ হাদীসে নেই!
কাশ্মীরী: মুসলিম শরীফের একটি বর্ণনায় অতিরিক্ত আরেকটি বাক্য উল্লেখ রয়েছে। সেটি হলো—وَبِمَا جِئْتُ بِهِ অর্থাৎ, “এবং আমি (নবী) যা নিয়ে এসেছি, তার প্রতিও ঈমান রাখা।” হাদীসের এ অংশের মর্মার্থ হলো, ঈমানের পরিপূর্ণতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেসব বিষয় নিয়ে এসেছেন, সেসব বিষয়ের প্রতি সত্যায়ন ও বিশ্বাস স্থাপন করাও অপরিহার্য।
কাদিয়ানী : নামায ত্যাগকারী ব্যক্তির ব্যাপারে ফুকাহায়ে কেরামের বক্তব্য কী?
কাশ্মীরী : প্রধান ফকীহগণের চারজনের তিনজনই এমন ব্যক্তিকে ‘ফাসেক’ বলেছেন, অন্য একজন তাকে কাফের বলেছেন। তবে যিনি কাফের বলেছেন তার এ কথা থেকে উদ্দেশ্য হল ‘সে তো কুফরি করল’। যেহেতু হাদীসে বাক্যটি এমন শব্দচয়নেই উল্লেখ রয়েছে। উপরন্তু সুনানে আবুদাউদ কিতাবে একটি বর্ণনায় নামায ত্যাগকারী সম্পর্কে এসেছে যে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। এ থেকে প্রমাণিত হয়, হাদীসটির উক্ত কথাতে ‘কাফারা’ শব্দ হতে ঐ ব্যক্তি আসলেই কাফের হয়ে গেল, এটা বুঝানো উদ্দেশ্য নয়। (তথ্যসূত্রঃ সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ ১৮৮-৯১)।
লিখক, প্রিন্সিপাল নূরুন্নবী

