Posted in

প্রিয় নবী খাতামুন নাবিয়্যীন (সা.) এর সৃষ্টি মূল উপাদান

আমাদের প্রিয় নবী খাতামুন নাবিয়্যীন (সা.) কি নূর হতে সৃষ্ট ছিলেন?

দুই বন্ধুর মাঝে কথোপকথন।

খালিদ: আমাদের প্রিয় নবী (সা.) ছিলেন নূর হতে সৃষ্ট। কাজেই তিনি মাটির সৃষ্টি নন।

রাশেদ: কিন্তু তোমার কথার দলিল কোথায়?

খালিদ: সূরা মায়েদা, আয়াত ১৫: يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ

অর্থ: হে আহলে কিতাব (কিতাবধারীগণ)! তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। তোমরা কিতাবের যেসব বিষয় গোপন করতে, তিনি তার অনেক বিষয় তোমাদের কাছে প্রকাশ করছেন এবং অনেক বিষয় উপেক্ষা করছেন। নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক জ্যোতি এবং সুস্পষ্ট কিতাব এসেছে।

নোট: উক্ত আয়াতে প্রিয় নবী (সা.) সম্পর্কে ‘নূর’ ব্য জ্যোতি বলা হয়েছে। এটাই প্রমাণ করে, তিনি নূরের তৈরি ছিলেন।

রাশেদ: আয়াত এবং অনুবাদ সবই ঠিক আছে, কিন্তু তুমি বুঝোনি। যদি বুঝতে তাহলে এমন কথা কোনোদিনও তুমি বলতে পারতে না। তুমি গভীর থেকে চিন্তা করে বল তো, আয়াত কি ‘নূর’ সম্বোধন করেছে, নাকি ‘নূর দ্বারা সৃষ্ট সত্তা’ বুঝিয়েছে? দুটির কোনো একটা অবশ্যই হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে, আয়াত নূর সম্বোধন করেছে ঠিকই কিন্তু নূর দ্বারা সৃষ্ট সত্তা সাব্যস্ত করেনি। তার কারণ,

নূর অর্থ আলো বা জ্যোতি। কিন্তু এর একখানি শরয়ী অর্থ বা বিশ্লেষণও রয়েছে। তা হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোন থেকে এমন সব ধার্মিকও নূর সাব্যস্ত হতে পারে যিনি নিজে হিদায়াতপ্রাপ্ত এবং অন্যকেও হিদায়াতের পথে পরিচালনা করেন। এ অর্থের দিক থেকে প্রিয়নবী (সা) গুণ ও মর্যাদার দিক থেকে যদিও নূর বা নূরানী সত্তা কিন্তু সত্তাগতভাবে তিনিও একজন মানুষ এবং মাটি হতে সৃষ্ট। এ সম্পর্কে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন,

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

অর্থাৎ “এ মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এর মধ্যেই তোমাদের ফিরিয়ে দেব এবং এ মাটি থেকেই তোমাদের পুনরায় বের করব আরেকবার।”
— (সূরা ত্বহা, আয়াত: ৫৫)।

টিকা: এই আয়াতে মহান আল্লাহ মানুষের সৃষ্টি, মৃত্যু এবং পুনরুত্থানের তিনটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছেন। মানবজাতির আদি পিতা হযরত আদম (আ.)-কে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর তাঁর বংশধর সবার সৃষ্টির উপাদানও মাটির সঙ্গে সম্পর্কিত। উক্ত আয়াত হতে আমাদের জন্য আরও শিক্ষা হল, যে মাটি থেকে আমাদের সৃষ্টি, মৃত্যুর পর আমরা সেই মাটিতেই ফিরে যাব এবং একদিন আল্লাহর আদেশে আবার জীবিত হয়ে তাঁর সামনে উপস্থিত হব।

খালিদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন:

১. প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কি মানুষ ছিলেন না? পবিত্র কুরআনে কি তাঁকে একজন মানুষ হিসেবে উল্লেখ করা হয়নি?

২. তিনি কি হযরত আদম (আ.)-এর বংশধর ছিলেন না?

৩. প্রিয় নবী (সা.) ইন্তেকালের পর তাঁকে কি মদিনায় মাটির নিচে দাফন করা হয়নি?

৪. মানুষের সৃষ্টির মূল উপাদান যদি মাটি হয়ে থাকে, আর মাটি থেকে সৃষ্টি হওয়াকে যদি কারও মর্যাদাহানির কারণ মনে করা হয়, তাহলে সেই যুক্তিতে হযরত আদম (আ.) থেকে শুরু করে হযরত ঈসা মসীহ (আ.) পর্যন্ত সকল নবী-রাসূলের ক্ষেত্রেই কি একই কথা প্রযোজ্য হবে না?

তাহলে প্রশ্ন হলো: মাটি থেকে সৃষ্টি হওয়া যদি মর্যাদাহানির বিষয় না হয়, তাহলে এ নিয়ে আপত্তি কেন? আর যদি মর্যাদাহানির বিষয় হয়, তাহলে কি সব নবী-রাসূলের ক্ষেত্রেই সেই আপত্তি তুলতে হবে না?

আশা করি, আবেগ বা পূর্বধারণা দিয়ে নয়, কুরআন ও যুক্তির আলোকে প্রশ্নগুলোর উত্তর দেবেন।

খালিদ : পবিত্র কুরআনের কোথায় নবীকে মানুষ বলতে বলা হয়েছে?

রাশেদ: পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَىٰ إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ ۖ فَمَن كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

অর্থাৎ “বলুন, আমিও তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহি করা হয় যে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে।”
— সূরা আল-কাহাফ, আয়াত ১১০।

টিকা: যদিও রাসূলুল্লাহ (সা.) মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো নন। আল্লাহ তাঁকে নবুওয়াত ও রিসালাতের বিশেষ মর্যাদা দান করেছেন এবং তাঁর প্রতি ওহি নাজিল করেছেন।

বিশেষভাবে লক্ষণীয়:

এই আয়াতে রাসূলুল্লাহ (সা.)-এর মানবীয় পরিচয় এবং তাঁর প্রতি ওহি নাজিল হওয়ার বিষয়টি একই সঙ্গে উল্লেখ করা হয়েছে। সুতরাং আয়াতটি থেকে দুটি বিষয় পরিষ্কার, তিনি মানুষ। তিনি আল্লাহর ওহিপ্রাপ্ত রাসূল।অতএব, রাসূলুল্লাহ (সা.)-এর মানবীয় পরিচয় স্বীকার করা এবং তাঁর নবুওয়াতের বিশেষ মর্যাদা স্বীকার করা—দুটিই কুরআনের বক্তব্যের অন্তর্ভুক্ত।

খালিদ: কিন্তু আল্লাহ তায়ালা এখানে শুধুমাত্র তাঁর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে নিজের বাশারিয়াতের (মানুষ হওয়ার বিষয়ে) ঘোষণা করার নির্দেশ দিয়েছেন।

রাশেদ: সূরা ইখলাসে আল্লাহ ইরশাদ করেছেন, قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ অর্থাৎ “বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়।” এখানেও তো মহান আল্লাহ একইভাবে তাঁর রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহ এক ও অদ্বিতীয় হওয়ার ঘোষণা দিতে নির্দেশ দিয়েছেন। তাহলে কি উম্মতে মুসলিমা আল্লাহকে এক ও অদ্বিতীয় বলতে পারবেনা?

চলবে…

মুহাম্মদ নূরুন্নবী এম এ, (ডবল মাস্টার্স—দাওরা ও কামিল), স্যোসাল এক্টিভিস্ট ও ওয়েব ডেভেলপার এবং কাদিয়ানী মতবাদ বিশেষজ্ঞ। স্বত্বাধিকারী : রদ্দে কাদিয়ানী (গুগল অ্যাপ)। প্রিন্সিপাল, বসুরহাট দারুল ইহসান মাদ্রাসা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ইমেইল : nabifeni44@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।